গত এক বছরে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন করে প্রায় ১ লাখ ৭৯ হাজার রোহিঙ্গা যুক্ত হয়েছে বলে জানিয়েছে UNHCR।
সংস্থাটির প্রকাশিত সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২ জন। তবে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে নতুন করে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।
বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুল সংখ্যক রোহিঙ্গা মানবিক সহায়তার ওপর নির্ভর করে বসবাস করছে।