
রাজধানী ঢাকার তুরাগ এলাকায় বিএসটিআই’র মান চিহ্ন অবৈধভাবে ব্যবহার এবং লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার পরিচালিত এই অভিযানে মশিউর রহমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করার পাশাপাশি সেটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন বিএসটিআই’র উপপরিচালক ও প্রসিকিউটিং কর্মকর্তা জয়শ্রী দাস, সহকারী পরিচালক (সিএম) সুরাইয়া পারভীন, ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
তদন্তকালে দেখা যায়, মশিউর রহমানের প্রতিষ্ঠানটি বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই মান চিহ্ন ব্যবহার করে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছিল। এই অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জননিরাপত্তার স্বার্থে কারখানাটি সিলগালা করা হয়। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের কঠোর তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।