মোংলায় বিএনপি নেতা রাজ্জাকসহ তার পরিবারের ৯জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জানাজা নামাজ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এছাড়াও এ জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও। পরে বিকেল সোয়া ৩টায় পৌর কবরস্থানে শুরু হয় দাফন প্রক্রিয়া। প্রথমে দাফন দেয়া হয় পরিবার প্রধান আঃ রাজ্জাককে। পর্যায়ক্রমে বাকীদের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সকালে খুলনার কয়রায় কনের বাড়ীতে ৪ জন ও বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়।
এদিকে এই মৃত্যুতে তাৎক্ষণিক সমবেদনা ও শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।