বগুড়ার গাবতলী উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রাম থেকে মো. রতন মিয়া (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী একটি স্থানে রতন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে কীভাবে এবং কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।