গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সবজি পশ্চিম থানা পুলিশ। আটককৃতরা হলেন- মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মহাসড়কে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকা থেকে তাদের হাতে-নাতে আটক করেন। আটককৃতরা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।