ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকার উত্তর পাশের পাকা সড়কে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় লালবাজার রেলক্রসিং এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন হানিফ (২৭) শান্তিনগর এলাকার মৃত নাসিরের ছেলে, ইয়াছিন (২৫) কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার জাসু মিয়ার ছেলে, মো. অপু (২৬) আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনির খোকন মিয়ার ছেলে এবং সৈকত (২২) শান্তিনগর এলাকার গোলাপ মিয়ার ছেলে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা, একটি স্টিলের ছুরি, একটি সুইচ গিয়ার ছুরি, একটি কাঠের বাটযুক্ত রামদা ও একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।