গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) ভোর প্রায় ৫টার দিকে এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৬টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— মারিয়া ডেন্টাল কেয়ার, মফিজ হোমিও হল, মাসুদ টেলিকম, আরিফুল গার্মেন্টস, আন্নি কসমেটিকস এবং রুবেল স্টোর।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও কয়েকটি দোকান বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সালাম এবং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ ও আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।