গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, সামাজিক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তার জন্য সকলের অংশগ্রহণ জরুরি। দুর্নীতি ও স্বজনপ্রীতার ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। এই বছরের নির্ধারিত কাজ অন্য বছর করা যাবে না—সিডিউল অনুযায়ী সময়মতো শেষ করতে হবে। এছাড়া, সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে এটি তার প্রথম সরকারি সফর।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তিনি নিজে সরাসরি দায়িত্ব নেবেন এবং তার নাম ব্যবহার করে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।
উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। নির্বাচনী ইশতেহারের ধারা অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। উপস্থিত ছিলেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব সৌরভ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এদিন প্রতিমন্ত্রী নাপিতখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও সাইক্লোন শেল্টারের নতুন ভবনের উদ্বোধন করেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
বিকেলে তিনি সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।