বাকেরগঞ্জের কলসকাঠিতে মাটি খেকো ভুমি দস্যুদের কবলে পান্ড নদীর তীর। মাটি খেকোরা এখন দিনের পরিবর্তে রাতের আধারেই লোকচক্ষুর আড়ালে কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া ঢাপড় কাঠি, সাদীশ আমতলী এলাকায় পান্ডব নদীর তীরের কেটে মাটি বিক্রি করছে।
অবৈধভাবে নদীর তীরের এই মাটি কেটে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই কীর্তনীয়ার বিরুদ্ধে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কৌশল বদলে দিনের পরিবর্তে এখন মধ্যরাতে মাটি চুরি করেছে নিমাই কীর্তনীয়া চক্রটি।
সুত্র মতে জানা যায়, প্রশাসনের সাথে আঁতাত করে মাটি খেকো এ চক্রটি সমান তালে ভাসমান পল্টনে ভেকু মেশিন লাগিয়ে ফসলি জমি ও নদীর পাড় , খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এদিকে কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির ব্যপারে প্রশাসনকে জানিয়ে ফল পাচ্ছে না উপজেলার পাণ্ডব নদীর পাড়ের সাধারণ জনগন।
অবৈধ ভাবে নদীর তীরের মাটি কেটে ইট ভাটায় নেওয়া প্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে প্রশাসন যথেষ্ট সজাগ দৃষ্টি রাখছে,এবং আইনানুগ ভাবে এদের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়া হবে।
সংশ্লিষ্ট এলাকাবাসীরা জানান, মাটিখেকো ভুমি দস্যুরা আগে দিনরাত ২৪ ঘন্টা মাটি চুরি করতো এখন কৌশল বদলে দিনের চেয়ে রাতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে।
রাতে মাটি কাটার ব্যপারে মাটি ব্যবসায়ী একজনের সাথে কথা হলে তিনি জানান , পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর দিনে মাটি কাটতে একটু ঝামেলা হচ্ছে তাই এখন রাতেই মাটি কাটার কাজ চলে।
নদীর তীর কেটে ইটভাটায় মাটি বিক্রি এবং জনদূর্ভোগের সম্পর্কে সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান, মাটি কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের বরাতে, ও খোঁজ নিয়ে জানতে পেরেছি, এবং এ ব্যাপারে আইনানুগ ভাবে ব্যবস্হা নেওয়া হবে।