ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে তিনি বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে।
রোববার (৮ মার্চ) ইতালির প্রভাবশালী সংবাদপত্র করিয়েরে ডেলা সেরা–এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘একজন মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তাই করছে।’
মেলোনির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ‘আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু।’
এর আগে গত বৃহস্পতিবার জর্জিয়া মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি বিবেচনায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা জোরদারে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে ইতালি।
এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান