পিরোজপুর সদর হাসপাতালের সিঁড়ি থেকে পিতলের এ্যাঙ্গেল চুরি করে নিয়েছে একটি চোর চক্র। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের।
সিঁড়ি থেকে পিতলের এ্যাঙ্গেল চুরির বিষয়টি সকালে জানতে পেরেছেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন। তিনি প্রায় ২০ বছর ধরে হাসপাতালটির বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
চোর চক্রটি হাসপাতালের তত্ত্ববধায়কের অফিসে ওঠার সিঁড়ি থেকে সাতটি পিতলের এ্যাঙ্গেল চুরি করে নিয়ে যায়। তবে হাসপাতালের ভিতরে ও বাইরে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা থাকলেও, তত্ত্ববধায়কের অফিসে প্রবেশের পথে নিচতলায় কোন ক্যামেরা ছিল না। এছাড়া সিঁড়ির কাছেই থাকা গেট থেকে হাসপাতালে প্রবেশ করেন তত্ত্বাবধায়ক সহ হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা।
নিজাম উদ্দিনের দাবি হাসপাতালটিতে কোনো নিরাপত্তা প্রহরীর পদ না থাকায়, চোর চক্রটি চুরির সুযোগ পেয়েছে। এছাড়া মাদকাসক্তরা চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আশংকা তার।
হাসপাতালে চুরির বিষয়টি সকালে পিরোজপুর সদর থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।
চোর শনাক্তের জন্য হাসপাতালের বিভিন্ন সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মতিউর রহমান। এছাড়া ক্ষতিগ্রস্থ সিঁড়িটি মেরামতের জন্য পিরোজপুর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।