পাবনার সাঁথিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) উপজেলার ক্ষেতুপাড়া ও গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একজনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইকরজানা এলাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইন বহির্ভূতভাবে মাটি কেটে বিক্রি করছে। বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান জানান, কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। ইকরজানা এলাকায় নিয়ম ভঙ্গ করে মাটি উত্তোলনের দায়ে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ২ লক্ষ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও স্পষ্ট করে বলেন যে, জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ মাটি বা বালু উত্তোলনের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।