নওগাঁর মান্দায় সুপারি চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে উপজেলার প্রসাদপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিবরণীতে জানা যায়, নিহত রফিকুল ইসলাম মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবার চত্বরে রফিকুলকে সুপারি চোর সন্দেহে আটক করে এলাকাবাসী। এরপর উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন এবং একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকাল ১০টার দিকে মাদ্রাসা চত্বরের একটি আমগাছের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও আহসান হাবিব শিশু পরিবারের পরিচালক আলহাজ মাওলানা মাসুদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।