মৌলভীবাজারের রাজনগরে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। সফরকালে তিনি আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।
বুধবার সকালে আশ্রম প্রাঙ্গণে পৌঁছালে আশ্রমের সভাপতি নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক রুদ্রজিত দে তাকে স্বাগত জানান। এ উপলক্ষে নবনির্মিত ‘ভক্ত নিবাস’-এর উদ্বোধন করা হয়। পরবর্তীতে তিনি মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন এবং আবাসন ব্যবস্থা, রান্নাঘর, গোশালা ও আশ্রম পরিচালনা কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সফরশেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় মন্দিরের পুরোহিত কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ, সহ-সভাপতি ক্ষিতির চন্দ্র, সাংগঠনিক সম্পাদক নিতাই মিত্র, প্রচার সম্পাদক রতন লাল দে-সহ আশ্রমের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী হাইকমিশনার বলেন, আশ্রমে এসে তিনি আনন্দিত। এখানকার আন্তরিক পরিবেশ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।