নীলফামারীর বানিজ্যিক শহর সৈয়দপুরে আগুনে পুড়েছে চারটি গোডাউনঘর ও দুটি ব্যাংকের আসবাবপত্র পুড়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ মার্চ) দুপুরের দিকে শহরের ডা. জিকরুল হক রোডে আগুনের এ ঘটনা ঘটে৷
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে ডা. জিকরুল রোডের ঢাকা ব্যাংকের পাশে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ঢাকা ব্যাংকের ভবনে ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভবনটিতে ছড়িয়ে পড়ে। এতে ঢাকা ব্যাংকসহ ভবনের পাঁচ তলার ডিএমসিবি ব্যাংকের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।