খুলনা মহানগরীর নিরালায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ. আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, গতকাল রবিবার রাত ৯টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তারা চলে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, আ. আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দুটি মারামারি ও একটি চুরির মামলার রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।