কালাই উপজেলা–তে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫) পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত খালেদা (৩৫) এলতা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল বারী ওরফে সাইদুরের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি ঘরজামাই হিসেবে স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করতেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন—এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মারধরের পাশাপাশি স্ত্রীর সোনার গয়না কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। পরে স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে অভিযোগ রয়েছে, গভীর রাতে আনুমানিক ভোর ৩টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে যান।
এ বিষয়ে কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—সন্দেহের জেরেই স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।