চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি মাটি কাটার আটটি এক্সেলেটর ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সোয়া ৪টা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ও নলুয়া ইউনিয়নে এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, কেঁওচিয়া ইউনিয়নের বণিক পাড়া ও নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি ট্রাক ও ১টি এক্সেলেটর জব্দ করা হয়। এছাড়া মাটি কাটায় নিয়োজিত আরও ৭টি এক্সেলেটর ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণ অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়া এলাকার এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ার নামের দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। এ সময় সাতকানিয়া থানা পুলিশ, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।