পাবনার সাঁথিয়ায় অটোবাইকের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই (৪৫) নামের অটোবাইক চালক।
নিহত ব্যক্তি উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তর শোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল আলী মণ্ডলের ছেলে। শুক্রবার(২৭ ফেব্রুয়ারি)সকাল নয়টার দিকে সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের চক নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লিয়াকত আলী মন্ডল অটোবাইকে মাধপুর থেকে যাত্রী নিয়ে সাঁথিয়া আসার পথে চক নন্দনপুর নামক স্থানে পৌঁছালে অটোবাইকটির একটি চাকা খুলে যাওয়ায় অটোবাইকটি চালক লিয়াকত আলী মণ্ডলের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম বলেন, অটোবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলী মন্ডল ওরফে হেদাই নামের অটোবাইকের চালক নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।