ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মুন্সেফপাড়ায় একটি বহুতল নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. জুয়েল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আব্দুল সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে মুন্সেফপাড়া মহল্লার ওই নির্মাণাধীন ভবনের ওপর কাজ করছিলেন জুয়েল। কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বহুতল এই ভবনটি নির্মাণে কোনো ধরনের সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী ব্যবহার করা হয়নি। এমনকি শ্রমিকদের জন্য ছিল না কোনো হেলমেট বা সেফটি বেল্ট। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার এমন ‘হত্যাকাণ্ড’ ঘটছে। যা প্রশাসনের চোখের সামনে চললেও তা দেখার কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মালিকপক্ষ শুধু কাজ বুঝে নিতে চায়, আমাদের জীবনের দাম তাদের কাছে নাই।’
ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পিতা আব্দুল সালামসহ স্বজনরা। তাদের আর্তনাদে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে। স্বজনদের দাবি, ভবন মালিকের চরম অবহেলার কারণেই আজ আমাদের জুয়েলকে প্রাণ দিতে হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে এবং ঘটনাস্থলে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে কোনো অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"