মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কিশোরের নাম তারেক মিয়া (১৯)। এলাকায় শোকের ছায়া নেমেছে।
বুধবার ইফতারের কিছু সময় পূর্বের দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি অপর সফিক মিয়ার ছেলে আতিক মিয়ার খেলায় নো-বল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার।