ভোলার তজুমদ্দিনে প্রতিবন্ধী হিন্দু নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে তজুমদ্দিন থানাধীন ৩ নং চাঁদপুর ইউনিয়নের একটি ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) থেকে বাড়ি ফেরার সময় আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় শশীগঞ্জ এলাকার একটি রাস্তার পাশে ফেলে রেখে যায় আসামিরা।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করেন। ভোলার পুলিশ সুপার মো: শাহিদুল্লাহ কাওছার এর নির্দেশনায় তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম বিশেষ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মো: রাকিব (৩০), ২. মো: জুয়েল (৩৫), ৩. আল আমিন ওরফে সম্রাট (২০), প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইব্রাহিম জানিয়েছেন, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।