সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২। রোবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।