চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে প্রবাসীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হল, মোহাম্মদ সোহেল ওরফে সোহেল রানা (৪০) ও উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)। শুক্রবার সকালে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি দক্ষিণ বিভাগ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাই করা ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার বাদী ও ভুক্তভোগী শফিউল আলম গত ১৪ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি একটি ভাড়া গাড়িতে করে বায়েজিদ বোস্তামী থানার বাসার উদ্দেশে রওনা দেন। তার সঙ্গে ছিল প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ বাংলাদেশি টাকা ও দুবাই দিরহামসহ বিভিন্ন মালামাল।