বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি লেখেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। তাদের পরিপক্বতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করেছে।
ফোনালাপে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মালয়েশিয়া। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় কুয়ালালামপুর।