বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় এক সময়ের মাঠ কাঁপানো ছাত্রনেতাদের জয়জয়কার লক্ষ্য করা গেছে। ছাত্রদলের সাবেক পাঁচজন কেন্দ্রীয় নেতাকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এসব নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্র এবং সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে সম্পৃক্ততা, রাজপথের ত্যাগ এবং রাজনৈতিক প্রজ্ঞার বিচারেই এই পাঁচ নেতাকে বেছে নেওয়া হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ছাত্রদলের সাবেক তিন সভাপতি এবং দুইজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সাবেক এই সভাপতি বর্তমানে পূর্ণমন্ত্রী হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এই কেন্দ্রীয় সভাপতিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজীব আহসান ও হাবিবুর রশিদ, সাবেক সভাপতি রাজীব আহসান এবং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ যৌথভাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। ফরহাদ হোসেন আজাদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করার পর গত মঙ্গলবার নতুন সরকার গঠিত হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ছাত্রদল থেকে উঠে আসা এই নেতাদের একসাথে বড় দায়িত্ব দেওয়া দলের তরুণ ও দক্ষ নেতৃত্বের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ। অতীতেও ছাত্রদল বিএনপির জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করেছে, তবে এবারের মন্ত্রিসভায় একসঙ্গে এতজন সাবেক ছাত্রনেতার অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে।