নিজ এলাকার চাঁদাবাজি, দখলবাজি ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সরাসরি অনলাইনে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের আওতাধীন কোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধ সংঘটিত হলে তা সরাসরি তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাপ্ত অভিযোগগুলো তাঁর টিম যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে।
তিনি জানান, গত ৭ জানুয়ারি ওয়েবসাইট চালুর পর থেকেই বিভিন্ন অভিযোগ ও সমস্যার বার্তা পাওয়া গেছে। এসব বার্তা সংকলনের কাজ চলছে এবং দ্রুত সাড়া দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ের অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সরাসরি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।