সিরাজগঞ্জের বেলকুচিতে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং তার ছেলে জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।
জানা যায়, সম্প্রতি স্থানীয় কয়েকজন ভোটারকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে লিখিত অভিযোগ জেলা বিএনপির কাছে জমা পড়লে দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করা হয়।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে তাদের দলীয় পদ স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত তাদের দলীয় সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
জেলা বিএনপির একাধিক নেতা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।