কুষ্টিয়া পৌর সভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার আলীসহ ৩ জনের বিরুদ্ধে বিল্ডিং নির্মাণ, প্ল্যান অনুমোদনে আদায়কৃত প্রায় সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদি হয়ে করা ওই মামলার অন্য দুই এজাহার নামীয় ব্যক্তি হলেন- পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি এ্যাড. আব্দুল মান্নাফ বলেন, সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নং ০৪ তাং ০৯/০২/২০২৬ জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে দাখিল করা হয়েছে। দুদকের এই মামলায় দ : বি : ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী ২৬/০৭/২০০৪ খ্রি. তারিখে কোনো প্রকার প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংযুক্তিসহ কোনো প্রকার রেজুলেশন না করে অগ্রণী ব্যাংক পিএলসি, থানাপাড়া শাখার হিসাব নম্বর : ২৪৭৪/ ৩৩০০২৭৭৬/ ০২০০০০৪৫৮১৮৪৬ এর দরিদ্র তহবিল নামে একটি চলতি হিসাব একক স্বাক্ষরে পরিচালিত হবে মর্মে কুষ্টিয়া পৌরসভার স্মারক মূলে পত্র প্রেরণের মাধ্যমে হিসাব চালু করেন। হিসাবটিতে বিগত ০১/০১/২০১৮ খ্রি. তারিখ হতে ৩১/১২/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত কোনো প্রকার রেকর্ডপত্র, সংযুক্তি ও রেজুলেশন না করে, নিয়ম বহির্ভূত এবং বে-আইনি অবৈধ প্রক্রিয়ায় পৌর এলাকার মধ্যে বিল্ডিং-এর প্ল্যান অনুমোদন বাবদ আবেদনকারীদের নিকট হতে সরকারি ফি-এর থেকে অতিরিক্ত টাকা আদায় এবং লাইসেন্স থেকে সরকারি ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে কুষ্টিয়া পৌরসভার আদায়কৃত টাকা ব্যাংক হিসাবে জমা প্রদানপূর্বক পরবর্তীতে বিভিন্ন খাতে উক্ত টাকা খরচ দেখিয়ে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে সর্বমোট ৫,২১,০৭,৫৬৯/= (পাঁচ কোটি একুশ লক্ষ সাত হাজার পাঁচশত উনসত্তর) টাকা ব্যাংক থেকে উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।
এ মামলার এজাহার নামীয় ব্যক্তিদের পরিচিতি হলো- শহরের আড়ুয়াপাড়া শহীদ ইয়াকুব আলী সড়কের বাসিন্দা মৃত : মনোয়ার আলীর ছেলে আনোয়ার আলী। শহরের কুঠিপাড়া এলাকার বাসিন্দা মাহাতাব উদ্দিনের পুত্র পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা মো: কামাল উদ্দিন, এবং বাড়াদী গ্রামের বাসিন্দা তাজউদ্দিন মোল্লার পুত্র পৌরসভার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া সূত্রে জানা যায়, ২০২৪ সালের ০১ এপ্রিল কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীসহ তার পরিবারের আরও তিন সদস্য যথাক্রমে স্ত্রী আকতার জাহান, পুত্র পারভেজ আনোয়ার এবং পুত্রবধূ নোশিন শারমিনের বিরুদ্ধে পৌর তহবিলের টাকা নাগরিক সেবা এবং উন্নয়ন কাজে ব্যবহার না করে ভুয়া বিল ভা্উচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা তদন্তাধীন আছে।