গণতন্ত্র টিকিয়ে রাখতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচনের সময় নয়, বরং পুরো সময়জুড়ে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।
শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, ভোটাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস এই অনুষ্ঠানের আয়োজন করে।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, তরুণ প্রজন্ম যদি সচেতনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়, তাহলে ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। সভাটি সঞ্চালনা করেন জান্নাতুল ইলমি সুচনা।
আলোচনা সভায় ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে নির্মিত দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচারের কার্যক্রম শুরু করা হয়।
ফোরাম অফ ইয়ং প্রফেশনালস-এর পক্ষ থেকে উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।