ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নাদিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে তাকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার কাউতলী এলাকার পূর্বাসা (ট্রাফিক পুলিশ বক্সের পেছনে) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী হুমায়ুন মিয়া (৪৫) তার সহযোগী অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে সঙ্গে নিয়ে সাংবাদিক নাদিমের ওপর অতর্কিত হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত হুমায়ুন দীর্ঘদিন ধরে সাংবাদিক নাদিমকে পত্রিকার অফিস ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন অফিসের মেইন গেইটের চাবি চাইতে গেলে তিনি অশালীন ভাষায় গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।
সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হুমায়ুন মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।