ঢাকা-৪ আসনের অন্তর্গত শ্যামপুর-কদমতলীর মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। শুক্রবার সকাল সকালে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামীতে নিজ নির্বাচনী এলাকা কে সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বিশটি অঙ্গীকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি জানিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, আপনাদের কাছে গিয়ে সমস্যা খুজে বের করে বিশটি অঙ্গিরার করেছি। যার ভেতর অনেকগুলো আমরা সবাই মিলে কাজ করলে সমাধান করা যাবে আর কিছু সমস্যার সমাধান এলাকার মানুষই করতে পারবে। এছাড়া যে সমস্যাগুলো মেজর সেগুলো আমরা সংযুক্ত মন্ত্রণালয়ের মাধ্যমে করতে চেষ্টা করবো। আগামীতে শ্যামপুর কদমতলী এলাকার মানুষ কোন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে না এমন প্রতিশ্রুতিও দেন এই নেতা।
তিনি বলেন, শ্যামপুর কদমতলী এলাকায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বসবাস বেশি যেখানে একটু সামনে গেলে পুরান ঢাকার মানুষ সরকারি সমস্ত সুবিধা ভোগ করে সেখানে আমাদের এলাকার মানুষ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। সিটি কর্পোরেশনের আওতায় থেকেও আমরা কখনো সিটি কর্পোরেশনের সেবা পায়নি।
মহানগর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আপনি আমাকে যেখানেই প্রশ্ন করবেন শুধু না আর নেই। আমাদের দুর্ভোগ আগেও ছিল এখনো আছে। বিগত একমাস ধরে এলাকায় তীব্র গ্যাস সংকট , শুধুমাত্র রান্না করার জন্য আমাদেরকে তিনটি জায়গায় অর্থ প্রদান করতে হচ্ছে। তিতাস গ্যাসের বিল দিচ্ছি, গ্যাস না থাকাই বৈদ্যুতিক চুলা ব্যবহার করছি আবার বিদ্যুৎ না থাকলে এলপিজি গ্যাস ব্যবহার করছে। আমাদের এলাকা ঢাকা শহরে অবস্থিত হলেও আপনি এখানে কাঁচা রাস্তা দেখতে পাবেন। অধিকাংশ সড়কেই ল্যাম্পপোস্ট নাই, যদিও কোথাও দেখা যায় একটা কাজ করেনা। কমিউনিটি সেন্টার, খেলার মাঠ, পার্ক বা পরিবার নিয়ে ঘোড়ার মত কোন জায়গা নেই।
সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই এলাকার সন্তান এই মাটিতেই বেড়ে উঠেছি এলাকার প্রতিটি অলিগলি আমার পরিচিত। আমার মনে হয় না আমার থেকে এই এলাকার প্রতি নাড়ির টান কারো বেশি আছে। এই এলাকার সকল মানুষ আমার আপনজন। সুতরাং তাদের কাছে নতুন করে সাড়া পাওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি তারা আমার প্রতি আস্থা রেখে আগামীতে আমাকে তাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে।