বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আসন্ন হবিগঞ্জ সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান হবিগঞ্জ সফরে আসবেন। সফরকালে তিনি সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ শহরের নিউ ফিল্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ড. শফিকুর রহমানের আগমন ঘিরে হবিগঞ্জ জেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমীরে জামায়াতের এই সফর কেবল একটি আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের অংশ। দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই বাস্তবতায় ড. শফিকুর রহমানের সফর জনগণের সামনে সত্য তুলে ধরা, আশা জাগানো এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ।
নেতৃবৃন্দ আরও জানান, সফরকালে আমীরে জামায়াত জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও উদ্বুদ্ধ করবেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরবেন এবং প্রয়োজনীয় সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব জনগণের সামনে স্পষ্ট করবেন। ভোটের মাধ্যমেই যেন দেশে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে জনমত গড়ে তোলাই এই সফরের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়।
সফরকালে ড. শফিকুর রহমান হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। বিশেষভাবে তিনি শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সর্বস্তরের মানুষকে এই জনসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাকসুর সাবেক জিএস মো. মাজহারুল ইসলামসহ ১১ দল সমর্থিত বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের।
সংবাদ সম্মেলনের শেষাংশে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সত্য তুলে ধরা, জনমত গঠন এবং মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আমীরে জামায়াতের এই সফর ও তার বার্তাগুলো যথাযথভাবে জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।