বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী রতন মিয়া ও ডাকাত সর্দার খা আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায়, অন্যজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।
বুধবার দুপচাঁচিয়ার আলতাফনগর এলাকা থেকে ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়। আশরাফ খা (৫০) সাতক্ষীরার তালা শিবপুর গ্রামের মৃত আনার খা'র ছেলে। এছাড়া বগুড়া শহরের মালতিনগর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। গ্রেপ্তার রতন মিয়া (৩৩) শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে র্যাব। তিনি মালতিনগর মহল্লার আব্দুল হান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। তিনি জানান, ঠনঠনিয়া কোচ টার্মিনালের টিআর ট্রাভেল কাউন্টারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার রতন সেই মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি।
ডাকাত সর্দার গ্রেপ্তার প্রসঙ্গে র্যাব জানায়, গত ২০ জানুয়ারি রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা গনেশপুর এলাকায় বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে ডাকাত সর্দার আশরাফ খা'র সংশ্লিষ্টতার সূত্র পাওয়া যায়। তিনি পালিয়ে বগুড়ার দুপচাঁচিয়া আলতাফনগর এলাকায় আত্মগোপনে ছিলেন।