বুধবার কুড়িগ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু মানুষকে কৃষক বানিয়ে রাখা নয়। এই মাটি থেকেই আগামীর নেতৃত্ব তৈরি হবে, এমনকি ভবিষ্যতের প্রধানমন্ত্রীও আসতে পারে সাধারণ পরিবার থেকেই।”
কুড়িগ্রামের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, জেলার মধ্য দিয়ে প্রবাহিত তিনটি নদী এখানকার মানুষের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই মানুষের আতঙ্ক বেড়ে যায়। নদীভাঙন রোধে বরাদ্দকৃত অর্থের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, কুড়িগ্রাম দেশের সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত জেলা। ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই জেলা থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।
নারীদের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “যে দেশে মায়ের নিরাপত্তা নেই, সে দেশকে আমি নিজের দেশ মনে করতে পারি না।” জাতি-ধর্ম নির্বিশেষে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষাকে দলের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।