পটুয়াখালীর দশমিনা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) ভোর আনুমানিক ২টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত দশমিনা টিটিসি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানজিল নূরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে উপজেলার রনগোপালদী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ হানিফ পেশকার (২৫), পিতা: মোঃ হারুন পেশকার; মোঃ সুমন সরদার (৩২), পিতা: সুশীল সরদার এবং মোঃ জিয়া (৩০), পিতা: আব্দুল হক হাওলাদার। তারা সবাই রনগোপালদী গ্রামের বাসিন্দা।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১টি অটোমেটিক চাকু, ৭টি দেশীয় অস্ত্র, প্রায় ৫০০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন উপকরণ, ৪টি মোবাইল ফোন, ২টি মাদক মাপার যন্ত্র, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৪০০ টাকা এবং ৯ পিস যৌন উত্তেজনামূলক ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দশমিনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।