বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কর্মকর্তা ও কর্মচারীরা ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিভিল এভিয়েশন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা খাত হিসেবে বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে সচল ও কার্যকর রাখতে দক্ষ, দায়িত্বশীল ও অনুপ্রাণিত জনবল অপরিহার্য। কিন্তু ন্যায্য বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মীদের স্বাভাবিক কর্মোদ্দীপনা ও দক্ষতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীরা অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।