বরগুনার তালতলীতে নিষিদ্ধ জাটকা ইলিশ পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ উপজেলার এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে নিষিদ্ধ ১০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে ভ্যানচালক শাকিলকে মৎস্য আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত মাছ পরে উপজেলার ১৮টি এতিমখানা ও বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র উপস্থিত ছিলেন। সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।