গোপালগঞ্জ সদর উপজেলার গ্রামে অন্তর মোল্লা (৩০) নামের এক যুবক গ্রেফতারে এলাকায় আনন্দের বন্যা বইছে। ওই যুবকের গ্রেফতারে খুশী হয়ে স্থানীয় উলপুর বাজারে মিস্টি বিতরন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্র পুলিশ তাকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্তর মোল্লা সদর উপজেলার রাউতখামার গ্রামের মিজান মোল্লার ছেলে। বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরে অন্তর মোল্লা উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার বাসিন্দাদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজী করে এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছেন। একারনে অন্তর মোল্লার গ্রেফতারে উলপুর বাজারের ব্যবসায়ীরা এলাকায় মিস্টি বিতরন করেছেন।
উলপুর বাজারের ব্যবসায়ীরা জানায়, অন্তর মোল্লার চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতনে সাধারন মানুষ আতঙ্কে থেকেছে। ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারেনি।কয়েকদিন আগে ওই চাঁদাবাজ এক সতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনার গাড়ি ও কর্মীদের উলপুর বাজারে আটকে মারপিট. গাড়ি ভাংচুর ও টাকা ছিনিয়ে নেয়।
গোপালগঞ্জ থানার এস,আই আবুল কালাম বলেছেন, গ্রেফতারকৃত অন্তর মোল্লা গোপালগঞ্জ থানা, যাত্রাবাড়ি থানার একধিক মামলার আসামী। তাকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা মামলায় সন্ত্রাস বিরোধী আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।