বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে জার্মানির তৈরি একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত এক সন্ত্রাসী ও তার স্ত্রীকে সস্ত্রীক আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দিঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পরে আটক দু’জনকে শাজাহানপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন—আশেকপুর ইউনিয়নের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন (২৭) ও তার স্ত্রী জান্নাত আক্তার।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি আভিযানিক দল ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে বয়রা দিঘি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে একটি বিদেশি পিস্তল থাকার বিষয়টি স্বীকার করেন।
পরে সাজ্জাদকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী তার বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি গোপন করার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন।
তবে অভিযানের নেতৃত্বদানকারী লেফটেন্যান্ট কর্নেল তানভীরের বিচক্ষণ নির্দেশনায় ডোবায় তল্লাশি চালিয়ে জার্মানির তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় পিস্তলের পাশাপাশি বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, আসন্ন নির্বাচনী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।