হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনী রাতভর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে।
রোববার গভীর রাত আনুমানিক দেড়টার দিকে বানিয়াচংয়ের ৩নং দক্ষিণপূর্ব ইউনিয়নের মিয়াখানী মহল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী খান বুছা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় একটি দু’নলা বন্দুক, একটি এয়ারগান এবং বিপুল পরিমাণ কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়। অভিযানকালে হাসমত আলী খানের পুত্র রেছালত আলী ছাতু খান (৬৮) কে আটক করা হয়।
একই রাতে ৪নং দক্ষিণপশ্চিম ইউনিয়নের প্রর্থমরেখ মহল্লার আব্দুল হামিদ মিয়ার বাড়িতেও অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং তার পুত্র রাজু মিয়া (২০) কে আটক করা হয়েছে।
এছাড়া, ১নং উত্তরপূর্ব ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লার বড়বাজারে বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়ার বাড়িতেও অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় একটি বড় এয়ারগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আঙ্গুর মিয়ারের পুত্র রকি মিয়া (২৫) কে আটক করা হয়।
রাতেই আটক তিনজনকে উদ্ধারকৃত অস্ত্রসহ বানিয়াচং থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা শাখার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গুলির চোরাচালান রোধ করাই এ অভিযান চালানোর মূল উদ্দেশ্য।