কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম নামকস্থানে একটি অবৈধ চুন ফ্যাক্টরি গুঁড়িয়ে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। ইতিপূর্বে উক্ত ফ্যাক্টরির ২ দফা সংযোগ বিচ্ছিন্ন ও ৪ জনকে আটক এবং ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিডিসিএল সূত্র জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রামে একটি অবৈধ চুন ফ্যাক্টরিতে অবৈধ পন্থায় বিজিডিসিএল এর ৮ ইঞ্চি বিতরণ পাইপলাইন ছিদ্র করে সংযোগ গ্রহণ করায় গত ১৫ ডিসেম্বর প্রথমবার চুন ফ্যাক্টরিটির সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও চার ব্যক্তিকে আটকের ঘটনায় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার পরও পুনরায় আইন কানুনের তোয়াক্কা না করে দ্বিতীয় বারের মতো একই স্থান হতে অবৈধ সংযোগ গ্রহণ করার খবর পেয়ে গত ৩০ ডিসেম্বর একই প্রতিষ্ঠানটির সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয় এবং এঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ও চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করে অবৈধ চুন ফ্যাক্টরিটি ধবংস করা হয়েছে।
অভিযানে অবৈধ চুন ফ্যাক্টরিটির বাউন্ডারি দেয়াল এবং তিনটি সনাতনী ফার্নেস এস্কেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় বিজিডিসিএল এর ভিজিলেন্স ডিপার্টমেন্টের উপ-মহাবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, মো. সেলিম খান, মো. আরিফুজ্জামান হামিদী, উপ-ব্যবস্থাপক মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।