হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলীর মনোনয়ন প্রত্যাহারের আশঙ্কায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অবরোধের ফলে সিলেট ও ঢাকামুখী যানবাহন উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিক্ষোভকারীদের দাবি, কোনো চাপ বা ষড়যন্ত্রের মাধ্যমে যেন জামায়াত প্রার্থী মোঃ শাহজাহান আলীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা না হয়। তারা অবিলম্বে এই ধরনের উদ্যোগ বন্ধের আহ্বান জানান এবং প্রার্থীর মনোনয়ন বহাল রাখার জোর দাবি তোলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।