কক্সবাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চকরিয়া রেলওয়ে স্টেশন। চকরিয়া রেল স্টেশন চালু হওয়ার পর থেকে Government Railway Police (GRP) ফাঁড়ি নেই। স্টেশন চালুর পর থেকে দিন দিন চুরি, ছিনতাই, যাত্রী হয়রানি ও সার্বিক নিরাপত্তাজনিত ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী চকরিয়া রেলওয়ে স্টেশন ব্যবহার করলেও সেখানে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি না থাকায় স্টেশনের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা এই সুযোগে স্টেশন এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে।
এ অবস্থায় যাত্রীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়া রেলওয়ে স্টেশনে দ্রুত একটি স্থায়ী GRP ফাঁড়ি স্থাপনের দাবিতে বাংলাদেশ রেলওয়ের।মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন দৈনিক ভোরের ডাক-এর চকরিয়া প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল।
আবেদনে তিনি উল্লেখ করেন, যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধ প্রবণতাও বাড়ছে। কিন্তু পুলিশি নজরদারি না থাকায় স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।
স্থানীয় যাত্রী ও এলাকাবাসী জানান, GRP ফাঁড়ি স্থাপন করা হলে স্টেশনে অপরাধ কমবে, যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরবে এবং রেলওয়ের সার্বিক ভাবমূর্তি রক্ষা পাবে।
এলাকাবাসীর জোর দাবি, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কর্তৃপক্ষ যেন অতিসত্বর চকরিয়া রেলওয়ে স্টেশনে একটি স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।