বগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের কৃষক নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে প্রতিবেশী দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও আতাউর রহমান (৫৫)। তারা গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত বুলু প্রামানিকের ছেলে মন্টু, বাবলু ও মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন একত্রিত হয়ে আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা চালায়। মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আতাউর রহমানসহ আরও চারজন আহত হন। দুপক্ষের মারপিটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।