মাঠে থাকবে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন

2026-01-12T13:50:50+00:00
2026-01-12T18:23:53+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জাতীয়
মাঠে থাকবে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য
নির্বাচনি নিরাপত্তায় সর্ববৃহৎ প্রস্তুতি
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ৬:২৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা জানান, সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে থাকবেন- ৩ জন অস্ত্রধারী সদস্য, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য, ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের ৩ জন অস্ত্রধারী সদস্যের একজন সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্ট্রাইকিং ফোর্সে ১১ হাজার ৯১০ সদস্য : নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশনা দেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকান্ডে কেউ জড়িত হতে পারবে না।

আগস্ট থেকেই প্রস্তুতি : লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০২৫ সালের আগস্ট মাস থেকেই সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে- প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য ও ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্য কে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনি দায়িত্ব পালনের লক্ষ্যে প্রায় সাড়ে চার লক্ষ সদস্যকে সংশ্লিষ্ট সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা : স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে এবং জনগণের আস্থা নষ্ট করে। তিনি নবীন আনসার-ভিডিপি সদস্যদের মানবিকতা, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরু করার আহ্বান জানান।

আনসার-ভিডিপির উন্নয়ন কার্যক্রম : তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল ব্যবস্থাপনা, পেশাগত উৎকর্ষ, কল্যাণমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। এতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া আনসার-ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন প্রকল্প’ চালু হয়েছে। আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, উন্নয়ন ব্যাংক ও কো-অপারেটিভের মাধ্যমে সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখা হচ্ছে।

রেকর্ড সংখ্যক পাসিং আউট : পাসিং আউট প্যারেডে চার ক্যাটাগরিতে সেরা চৌকস প্রশিক্ষণার্থী নির্বাচিত হন- ৪১তম বিসিএস আনসার ক্যাডার: সহকারী পরিচালক শামীম রেজা। উপজেলা প্রশিক্ষক: সোহানুর রহমান রাসেল। আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচ: সিপাহী মো. সেলিম শাহরিয়ার। আনসার ব্যাটালিয়ন ২৭তম ব্যাচ: সিপাহী মো. মারুফ রানা। উল্লেখ্য, আনসারের ইতিহাসে এবারই সর্বাধিক ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন, যা একটি নতুন রেকর্ড। 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: