সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীরকে ৩৭বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবশ্রী সিনহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিইটিসির ইনস্ট্রাক্টর আশরাফ উল আলম। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফুজ্জামানের সঞ্চালনার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিদায়ী প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীর, প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী, ঝিনুক শঙ্খ দিপু, প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারী শিক্ষক মো. জাকির হোসেন, সাবেক শিক্ষার্থী রুপক আহমে প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মো. শাহজাহান কবীরের ৩৭ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, শিক্ষার্থীদের গড়ে তুলতে তার নিষ্ঠা, সততা ও প্রশাসনিক দক্ষতার কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের সাবেক, বর্তমান ও সহকারী শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী প্রধান শিক্ষক মো. শাহজাহান কবীর বলেন, ৩৭বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীর ভালোবাসা পেয়েছি। ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি সাফল্য আমার হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। আজকের এই বিদায় ও সম্মান আমার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
উল্লেখ্য, মো. শাহজাহান কবীর ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৮ সালে পদোন্নতি পেয়ে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৯ সালে ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে চারবার এবং জেলা পর্যায়ে একবার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। এছাড়া ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি জাতীয় শিক্ষা পদক লাভ করেন।