সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০–১২ জন আহত হয়েছেন।
নিহত শাজাহান মিয়া সৌরভ উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর থানাধীন ৪নং বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজ (৫৫)-এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
সম্প্রতি প্রায় দুই মাস আগে প্রথম পক্ষের মেহমানদের বহনকারী একটি জিপ গাড়ি কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় পক্ষের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
ঘটনার দিন (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়ি ফিরলে প্রথম পক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের ১০–১২ জন আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে শাজাহান মিয়া সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় দ্বিতীয় পক্ষের শাকিল আহমদ গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।