সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারী কামাল হোসেনের মৃত্যুকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানো হলেও সেটি পরিকল্পিত হত্যাকাণ্ড—এমন অভিযোগ তুলেছে তার পরিবার। ৩ জানুয়ারী (শনিবার) বিকাল ৫টায় কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক সম্মেলন করেন কামালের মৃত কামালের পরিবার।
সাংবাদিক সম্মেলনে নিহতের স্ত্রী মকছুদা বেগম জানান, ২০১৭ সালের ১৬ জুলাই দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে একটি গাড়ি দিয়ে আমার স্বামী কামাল হোসেনকে চাপা দেওয়া হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়। আমার স্বামীকে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করার টার্গেট করা হয়েছিল।
তিনি আরও জানান, মৃত্যুর পর সার্ভিস রেকর্ডে ভুয়া তথ্য সংযোজন করে প্রাপ্য সুবিধা থেকে পরিবারকে বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিলের ১০ লাখ টাকা ভুয়া ওয়ারিশ দেখিয়ে আত্মসাৎ এবং সন্তানদের চাকরির সুযোগ অন্যদের দেওয়া হয়েছে।
বর্তমানে বিধবা নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি কোয়ার্টার ছাড়ার জন্য চাপ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
এই ঘটনায় নিহতের পরিবার সঠিক গ্র্যাচুইটি, পূর্ণ পেনশন ও সব সরকারি সুযোগ-সুবিধা আদায়ের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ অনুসন্ধান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।