বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আজ বুধবার বাদ জোহর দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত মূল জানাজার সঙ্গে মিল রেখেও দেশের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ একই সময়ে গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন।
আমাদের জেলা সংবাদদাতাদের পাঠানো খবর-
রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ জোহর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলামের ইমামতিতে জানাজায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের দুই হাজারের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বগুড়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মূল জানাজার সময়ের সঙ্গে মিল রেখে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বগুড়া শহরজুড়ে শোকের আবহ বিরাজ করে। আজ বিকেল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
রাজবাড়ী: রাজবাড়ীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আয়োজনে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
সিরাজগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৩টা ৩মিনিটে অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে এই জানাজা সম্পন্ন হয়। এই মূল জানাজাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি বড় পর্দার মাধ্যমে প্রদর্শন করা হয়। তারা পর্দায় প্রদর্শিত জানাজার দৃশ্য অনুসরণ করে জানাজা নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
রাজশাহী: রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মুসল্লিরা দোয়া করেন। বুধবার বাদ জোহর রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহর নামাজের পর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আমলাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। নামাজের পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।